নদীতে ডুবে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
দিনাজপুর পার্বতীপুরে মাত্র ৭ দিন আগে স্বামীর সঙ্গে সংসার ভেঙে যায় দুলালী খাতুনের। নিজের পায়ে দাঁড়াতে গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তার। এজন্য বাসের টিকিটও কেটে রাখা হয়েছিল। কিন্তু ঢাকা যাওয়ার আগেই বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে বাড়ি সংলগ্ন মরা কাল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
শুধু দুলালী খাতুন (২৩) নন, তার ছোট বোন সুরভী খাতুন (১৩) এবং ভাবি সুমাইয়া আক্তার আকলিমা (১৯) একই ঘটনায় প্রাণ হারান। একই পরিবারের তিন নারীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া বাজার এলাকায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের দাদা আতাউর রহমান জানান, মাত্র এক সপ্তাহ আগে তার নাতনি দুলালী খাতুনের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। দুলালীর বাবা দুলাল হোসেন ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। জীবিকার তাগিদে শুক্রবার দুলালী খাতুন তার ছোট বোন অষ্টম শ্রেণির ছাত্রী সুরভী খাতুনকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তাদের জন্য আগেই বাসের টিকিট কাটা হয়েছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে দুলালী, সুরভী ও সুমাইয়া বাড়ির পাশের মরা কাল নদীতে গোসল করতে যান। তার ধারণা, তারা হয়তো নদীতে শাপলা তুলতে নেমেছিলেন। এ সময় একজনকে বাঁচাতে গিয়ে অন্যরাও পানিতে ডুবে যেতে পারেন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানা যায়।
উদ্ধারকারীদের একজন মতিউর রহমান বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামবাসী দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তিনজনকে উদ্ধার করা হলেও তখন তারা আর জীবিত ছিলেন না। নদীর পাড়ে তাদের কিছু কাপড় পড়ে থাকতে দেখা গেছে। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। একই পরিবারের তিনজন নারীকে হারানোর শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কুমার জানান, তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।



















