ফুলবাড়ীতে অবৈধ বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ১
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও প্রস্তুত বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় কারখানার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে কারখানাটির মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযান শেষে বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ফুলবাড়ীতে অবৈধভাবে বাংলা মদ উৎপাদনের এমন কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং পলাতক মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















