ময়মনসিংহে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম খোকা (৫৪) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম একই ইউনিয়নের সাপখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অভিযুক্ত ইমাম শিশুটিকে কৌশলে ডেকে পাশের মসজিদে নিয়ে যান। এ সময় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পথ দিয়ে যাওয়ার সময় মসজিদের ভেতর অস্বাভাবিক পরিস্থিতি দেখে সন্দেহ করেন। পরে জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তিনি আপত্তিকর পরিস্থিতি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন।
উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে ত্রিশাল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।।




















