জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা: পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে ‘সুজন’-এর প্রশ্ন উত্তর পর্ব
ঠাকুরগাঁও-৩ আসনের ভোটারদের মাঝে নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা পৌঁছে দিতে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে আজ সকাল ১০ টায় এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ‘কেমন জনপ্রতিনিধি চাই’ এবং ‘প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা’—এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সরাসরি ভোটারদের প্রশ্নের জবাব দেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ মিনি স্টেডিয়ামের খোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীরা একে একে মঞ্চে এসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের সরাসরি করা তীক্ষ্ণ সব প্রশ্নের উত্তর দেন।
মাঠ পর্যায় থেকে আসা প্রশ্নগুলোর মধ্যে প্রধান ছিল: পীরগঞ্জ ও রানীশংকৈল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়ন।
কৃষি ও প্রধান প্রধান অর্থকরী ফসল সংরক্ষণ,দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার এবং রেল যোগাযোগের মানোন্নয়ন।
এলাকায় শিল্প-কারখানা স্থাপন করে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
মাদক নির্মূল এবং দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গড়ার ব্যাপারে তারা সবাই একমত পোষণ করেন। এছাড়াও এলাকার উন্নয়নে একটি ‘মাস্টার প্ল্যান’ করার প্রতিশ্রুতি দেন তারা।
জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। প্রার্থীরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হওয়ার পর সেগুলো রক্ষা করছেন কি না তা তদারকি করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে প্রার্থীরা সুজন কর্তৃক প্রণীত একটি ‘অঙ্গীকারনামা’-তে স্বাক্ষর করেন, যেখানে তারা বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবক হিসেবে কাজ করার শপথ নেন।




















