বিজয়নগর উপজেলার নোয়াগাঁও মোড়ের প্রধান সড়কের করুণ অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় জনগণকে। সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীদের।
সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে বড় বড় খাদ ও খন্দক, যেখানে জমে থাকছে পানি। ফলে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি সাধারণ মানুষকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই এই গুরুত্বপূর্ণ সড়কটি পানিতে তলিয়ে যায়। জমে থাকা পানির কারণে রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। শুধু যাতায়াতেই নয়, সড়কের পাশে থাকা কাঁচামালসহ বিভিন্ন দোকানপাটেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই এই সড়কের এমন বেহাল অবস্থা বিরাজ করছে। বৃষ্টি থাকুক বা না থাকুক, খানাখন্দে ভরা রাস্তাটি যেন জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের।
এদিকে সাধারণ জনগণের জোর দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে নোয়াগাঁও মোড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।










