বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা আক্তার বানু জানান, কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান সংগ্রহ নিশ্চিত করতে এবারও অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। পরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
তিনি আরও জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪৬ টন এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ৪২৮ টন সংগ্রহ করা হবে।
উদ্বোধনের প্রথম দিনেই ১ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্যশস্য সংগ্রহে স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



















