৩ এপ্রিল ২০২৬ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে প্রসূতি সমেজা খাতুন (২৫)-এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত সমেজা খাতুন কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে তাকে বীরগঞ্জের খানসামা রোডের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সিজার অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশনের সময় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, ক্লিনিকের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই এই মৃত্যু হয়েছে। জানা গেছে, অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।
ঘটনার পর থেকেই ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ক্লিনিকটিতে তালা ঝুলতে দেখা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















