ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকালে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে হাসপাতালে আসেন মৌসুমী। একপর্যায়ে তিনি নতুন ভবনের ৬ষ্ঠ তলায় উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই ইউসুফ আলী বলেন, প্রায় দেড় বছর ধরে মৌসুমী মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গত পাঁচ দিন ধরে তার অবস্থার অবনতি ঘটে। এজন্যই সকালে তাকে হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তরুণী নিজে থেকেই পড়ে গিয়ে মারা গেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

























