নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম–এর নির্দেশনায় সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে মান্দা উপজেলার মৈনম ফকির পাড়া কানার মোড়ে অভিযান চালানো হয়। এসময় মুদি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার সময় মুসফিকুর রহমান ওরফে মৌসুম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, তার মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, লেনদেনের তথ্য এবং অন্যদের জন্য অ্যাকাউন্ট খোলার প্রমাণ পাওয়া গেছে। তিনি স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।




















