যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের বড় চেংলা গ্রামে এক বৃদ্ধের ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা, মূল্যবান গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ আব্দুস ছাত্তার (৬৯), পিতা-মৃত আব্দুস জার সরদার, বড় চেংলা গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গলবার (২ জুন ২০২৬) মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির পার্শ্ববর্তী ১২ শতক ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে নানা ধরনের পাঁয়তারা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত মখলেছুর রহমান, বাশার, মনি, আজহারুল ইসলাম, হারুন, আবু খায়েরসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে। এ সময় তারা জমিতে থাকা বিভিন্ন মূল্যবান গাছ কেটে ফেলতে থাকে এবং জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
খবর পেয়ে আব্দুস ছাত্তার ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগ করা হয়েছে।
বৃদ্ধের চিৎকারে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ধাক্কাধাক্কি করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং পুনরায় জমিতে গেলে কিংবা আইনগত পদক্ষেপ নিলে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ফরহাদ হোসেন ও জাহিদুল ইসলামসহ স্থানীয় একাধিক ব্যক্তি প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি জানেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
এদিকে, ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আব্দুস ছাত্তার মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কাটা গাছ উদ্ধার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে মণিরামপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

















