যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৮) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮:২০ ঘটিকায় চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় ওত পেতে থাকে ডিএনসি টিম। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি এপাচি আর টি আর ১৬০ 4V মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।




















