যশোর শহরের কুখ্যাত সন্ত্রাসী ও বহু অপরাধের হোতা আলামিনকে (২৮) আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ প্রায় দেড় ডজন (১৮টি) মামলা রয়েছে।
সে চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















