নেছারাবাদে নির্বাচনী সহিংসতা রাতে যুবদল নেতাকে গ্রেফতার, নুহাশ পলাতক। নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের নেতা এইচ এম শাকিল হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এইচ এম শাকিল হোসেন আসন্ন সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদান করতে পারেন—এমন আশঙ্কার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
একই সূত্র আরও জানায়, অভিযুক্ত শাকিল হোসেন জিজ্ঞাসাবাদে নুহাশ নামে আরেকজনের নাম উল্লেখ করেছেন, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। নুহাশের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়িক পার্টনারের নামও উঠে এসেছে। তাদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনুসন্ধান ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত শাকিল হোসেনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
এদিকে যৌথ বাহিনীর অভিযান ও গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।






















