মান্দায় সাত বিঘা জমির ধান কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলায় সাত বিঘা জমির ধান কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বিল মান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটির দখল ও চাষাবাদ নিয়ে একই গ্রামের আলাউদ্দিন সরদার এবং আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে ধান কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
আশরাফুল ইসলাম ও তাঁর পক্ষের লোকজনের দাবি, প্রায় ৪৫ বছর ধরে তারা কবলাসূত্রে পাওয়া জমিটি ভোগদখল করে আসছেন। চলতি বোরো মৌসুমে জমিতে ধান আবাদ করা হয়। তবে ধান পুরোপুরি পাকার আগেই প্রতিপক্ষ নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে শ্রমিক এনে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
অন্যদিকে আলাউদ্দিন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তিনিই জমিটিতে চাষাবাদ করে আসছেন। নিজের খরচে ধান রোপণ, সার ও কীটনাশক প্রয়োগসহ সব ধরনের পরিচর্যা করেছেন। ফলে ফসলের ওপর তারই অধিকার রয়েছে। বর্তমানে তিনি নিজেই জমির ধান কাটছেন। তার দাবি, প্রতিপক্ষই উল্টো জমি দখলের চেষ্টা করছে এবং তাকে দখলদার হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছে।
গভীর নলকূপের মালিক আব্দুর সামাদ বলেন, ওই জমিতে আলাউদ্দিনই চাষাবাদ করেছেন এবং সেচের খরচও তিনি বহন করেছেন।
এ ছাড়া পার্শ্ববর্তী কয়েকজন কৃষক—ইউসুফ আলী, মোকসেদ আলী, আসকান ও তছের উদ্দিন জানান, তারা আলাউদ্দিনকে জমিতে ধান রোপণ করতে দেখেছেন এবং বর্তমানে সেই ধানই কাটা হচ্ছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















