নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার এসআই সুজন খান ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মোঃ আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিংড়া উজিরপুর গ্রামের মৃত তোরাব আলী মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মজুদ ও বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে এসআই সুজন খান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”
এস আই সুজন খান আরও বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, মাদক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও পুলিশের অন্যতম দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















